পূর্ব এশিয়ার দেশ জাপানে আঘাত হেনেছে শক্তিশালী মাপের ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫। রবিবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে কম্পনটি অনুভূত হয়।
দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, রাজধানী টোকিওর পূর্ব প্রান্তে অবস্থিত ইবারাকি প্রিফেকচারের দক্ষিণে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পে টোকিওর ভবনগুলো কেঁপে উঠতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
যদিও এতে তাৎক্ষনিকভাবে কোনো ধরনের হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনকি ভূমিকম্পের পর জারি করা হয়নি কোনো সুনামির সতর্কতাও।
জাপানের ভূতত্ত্ব বিভাগ বলছে, ভূমিকম্পের উৎপত্তি স্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার নিচে।
এ দিকে ভূমিকম্পের পর সতর্কতা হিসেবে কিছু সময়ের জন্য অনেকগুলো বুলেট এবং লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ রাখে হয়েছিল। তবে স্থানীয় সংবাদমাধ্যম টোকিও এবং এর আশপাশের এলাকার খবর দিয়ে বলেছে, কম্পনের ফলে সেখানে গুরুতর কোনো প্রভাব দেখা যায়নি। আঞ্চলিক পারমাণবিক কেন্দ্রগুলোতেও পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিন্তু এখন পর্যন্ত এতে অস্বাভাবিকতার কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ মার্চ জাপানের সাগরের তলদেশে শুরু হওয়া এক ভূমিকম্পের দুঃসহ স্মৃতি এখনো জাপানিদের তাড়া করে ফেরে। অতি মাত্রার ওই ভূমিকম্পের কারণে ধেয়ে আসা সুনামিতে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা ঘটে। এতে সাড়ে ১৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারান।